Published : 12 Sep 2025, 01:22 PM
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর ১০ বছর বয়সী এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে যুবককে।
পুলিশের ধারণা, মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হলে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।
লাশ উদ্ধার হওয়া ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
আটক করা হয়েছে একই এলাকার নাজমুলকে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি আল আমিন বলেন, বুধবার ভোরে ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের নদীতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হতে পারে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।