Published : 30 Jan 2025, 07:55 PM
ফরিদপুরের সদরপুর উপজেলায় আধিপত্য বিস্তারের ঘটনায় আটক এক ব্যক্তিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একদল লোক ওই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানান সদরপুর থানার ওসি মো. মোতালেব হোসেন।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম ফারুক হোসেন বাকু (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ফারুক হোসেনের বিরুদ্ধে উপজেলার আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের লোকজন নিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগ পাওয়া যায়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর থানার এসআই কাজী রাসেল ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ফারুককে আটক করে থানায় নিয়ে যান।
থানায় নেওয়ার পর ফারুক অসুস্থতার ‘ভান’ করলে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে জানান ওসি মোতালেব হোসেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে এসআই হাদিউজ্জামান ও দুই কনস্টেবল ফারুককে নিয়ে হাসপাতালে যান। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট কারে তুলে পালিয়ে যায়।”
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান বলেন, “ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়ানোর ইনজেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হলে, তিনি তা নিতে অস্বীকার করেন। পরে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কথা বলেন ফারুক।”
এসআই হাদিউজ্জামান বলেন, “২৫ থেকে ৩০ জন লোক ফারুককে ছিনিয়ে নিয়ে গেছে। তিন পুলিশ সদস্য নিয়ে তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না।”
ওসি মোতালেব হোসেন বলেন, ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলারও প্রস্তুতি চলছে।