রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
এই হত্যাকাণ্ডে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে পুলিশ তা বলতে পারেনি।
নরসিংদীর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছে পুলিশ।
প্রাণতোষ কর্মকার নামের ৪২ বছর বয়সী এই ব্যবসায়ী বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে।
স্থানীয় নতুন বাজারের তার জুয়েলারি দোকান রয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য দিলেও কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।
প্রাণতোষের স্বজনরা বলছেন, রাত ৮টার দিকে একদল মুখোশধারী প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলেন। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না গিয়ে কথা বলতে বলেন। তারা তা না শুনে কৌশলে প্রাণতোষকে ডেকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়।
তারা বলেন, প্রাণতোষকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, “আমাদের হাসপাতালে (প্রাণতোষকে) মৃত আবস্থায় নিয়ে আসা হয়। স্বজনরা ‘বুলেট ইনজুরির’ কথা বলেছেন, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে জেনে পরে জানানো হবে।
