১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায়ী খুন, ডাকাতদের চিনে ফেলায় হত্যা বলছে পরিবার

হত্যার পর হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি নিহতের স্ত্রীর।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।

বুধবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

নিহত নজরুল ইসলাম (৪৫) ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।

নজরুলের স্ত্রী শাহানাজ বেগম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে চার থেকে পাঁচজনের মুখোশধারী একটি দল বাড়িতে এসে আমার স্বামীর নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে নজরুলের হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় আমাকেও হাত-পা বেঁধে মারধর করা হয় এবং তারা ঘরের চাবি নিয়ে নেয়।”

তিনি বলেন, “চিনে ফেলায় নজরুলকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে তারা ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়।”

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঘটনাটি ডাকাতি নয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে জানতে পেরেছে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।