Published : 24 Aug 2026, 09:12 PM
যশোরের কেশবপুর উপজেলায় বাবার লাশ দাফনের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। পরে পুলিশের সহায়তায় লাশ দাফন করা হয়।
সোমবার উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন।
মৃত ব্যক্তির নাম আব্দুল খালেক (৭৪)।
আহতরা হলেন- ওই ব্যক্তির ছোট ছেলে আসাবুল (৪৫), তার স্ত্রী হালিমা বেগম (৩৫), বড় ছেলে মাহবুবুর (৫২) এবং তার স্ত্রী মোমতাজ বেগম (৪৫)। তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল খালেক জীবিত থাকার অবস্থায় তার দুই ছেলের নামে জমি দলিল করে দেন। এর মধ্যে এক ছেলের নামে রাস্তার পাশে ডাঙা জমি এবং অপর ছেলের নামে পারিবারিক কবরস্থানের জমি লিখে দেন।
তার মৃত্যুর পর লাশ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে উঠানে মৃতদেহ রেখে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই ভাই ও তাদের স্ত্রীরা আহত হন।
ওসি রোকসানা খাতুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ দাফন সম্পন্ন করা হয়। এ ছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়।