১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গেট বন্ধ থাকা সত্ত্বেও মোটরসাইকেলে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 11:38 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

গাজীপুর নগরীতে রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণ গেছে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেললাইনের পূবাইল বাজার সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ওই রেলওয়ের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা জানিয়েছেন। 

নিহতরা হলেন- পূবাইল মৃধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে ৪০ বছর বয়সী মো. সজিব মিয়া এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ৩৫ বছর বয়সী মো. শেখ হাবিব ওরফে বাপ্পী। 

স্থানীয়দের বরাতে স্টেশন মাস্টার আবু তাহের বলেন, “বৃহস্পতিবার রাতে সজিবকে সঙ্গে নিয়ে শেখ হাবিব মোটরসাইকেল চালিয়ে পূবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। 

“পথে পূবাইল বাজার সড়কের রেলক্রসিং এর গেট বন্ধ থাকা সত্ত্বেও তা উঠিয়ে ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন তারা।”

তিনি বলেন, “ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”