১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, ইজিবাইক চালক কারাগারে

সতীর্থ খেলোয়াড়দের সহায়তায় ইজিবাইক চালককে আটক করে পুলিশে দেয় কিশোরী।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 12:25 AM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম।

গ্রেপ্তার মাহমুদুল হাসান (৩৬) উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর রাতে স্কুলমাঠে ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন ওই কিশোরী। পথে শেরপুর ইউনিয়নের দুর্বাকান্দা ব্রিজের কাছে ইজিবাইক থামিয়ে চালক মাহমুদুল তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই ফুটবলার ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে মাহমুদুল তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যান।

রোববার রাতে নান্দাইল উপজেলা সদরে কিশোরী ফুটবলার চালক মাহমুদুলকে দেখতে পায়। তখন সতীর্থ খেলোয়াড়দের সহযোগিতায় তাকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়।

পরে রাতেই কিশোরীর ফুটবলারের বড় ভাই বাদী হয়ে মামলা করেন।