Published : 18 Aug 2026, 05:17 PM
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর থানা থেকে মুক্তি পেয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসান।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মুচলেকা রেখে তাকে ছাড়া হয়েছে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদকেও ছেড়ে দেয় পুলিশ।
সোমবার বিকালে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে মাহদি হাসান, মির্জা সুমন ও রাজু আহমেদকে আটক করে পুলিশ। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় সদর মডেল থানায়।
থানা থেকে মুক্তি পাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসান বলেন, “শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আমরা বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ ফ্যাসিবাদী স্টাইলে আমাদের থানায় নিয়ে আসে।”
তিনি বলেন, “বিক্ষোভ মিছিলের আগের রাতে পুলিশ আমাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে, হুমকি-ধামকি দিয়েছে আমাদের পরিবারের সদস্যদের।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, প্রশানের অনুমতি ছাড়া তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় তাদেরকে আটক করা হয়েছিল। মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে মুচলেকায় কী আছে এ বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।