১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪

উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়, বলছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 10:38 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ জন গ্রেপ্তার হ‌ল ব‌লে গোয়ালন্দ ঘাট থানার ও‌সি (তদন্ত) মো. রা‌শিদুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দের ফ‌কিরপাড়া গ্রা‌মের হেলাল উ‌দ্দিন শে‌খের ছে‌লে সাইফুল ইসলাম শুভ (১৯), জুড়ান মোল্লা পাড়ার আব্দুল মা‌লেক ফকি‌রের ছে‌লে সাগর ফ‌কির (২১), আদর্শগ্রা‌মের ছালা‌মের ছে‌লে বিল্লু ও ফ‌রিদপুর জেলার দী‌ঘিরচর এলাকার নিজাম উ‌দ্দি‌নের ছে‌লে ফের‌দৌস সরদার (৩৬) ।

ও‌সি রা‌শিদুল ইসলাম ব‌লেন, “শুক্রবার জুম্মার পর তৌহিদী জনতা নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। সে সময় পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর করা হয়। এতে পু‌লিশ সদস‌্যসহ আহত হয় অর্ধশত মানুষ। নিহত হয় একজন।

“পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় ওইদিন রাত ১২ টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দী হ‌য়ে এক‌টি মামলা‌ দা‌য়ের ক‌রেন। সেই মামলায় আরও চার আসা‌মি‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।”

গ্রেপ্তার চারজনকে আদাল‌তে পাঠা‌নোর প্রস্তু‌তি চলছে  বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

আরও পড়ুন:

‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার বেড়ে ৭