ময়মনসিংহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের
জসিম উদ্দিন তার স্ত্রীকে সন্দেহ করতেন।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক বৃদ্ধ। পরে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সুজাউদ্দিন জানান।
আহত জসিম উদ্দিন (৬৫) এবং তার স্ত্রী পারুল বেগমকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। জসিম উদ্দিন তার স্ত্রীকে সন্দেহ করতেন। এর জেরে দুপুরে বসতঘরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো দা দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে মারাত্মক জখম করেন।
পরে তিনি একই অস্ত্র দিয়ে নিজের গলায় পোঁচ দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
