১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ লাইনচ্যুত, চার ঘণ্টা পর উদ্ধার

এর ফলে আশপাশের স্টেশনে দুটি ট্রেন আটকে যায়। এতে ভোগান্তিতে পড়ের যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 11:48 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। চার ঘণ্টা পর সেটি উদ্ধার করা হয়েছে।  

সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় সান্তাহার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সান্তাহার রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খানম। 

তিনি বলেন, পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে রাত ১১টার দিকে বগিটি উদ্ধার করেছে। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এর ফলে সান্তাহার জংশন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়ে। একই কারণে রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

স্টেশন মাস্টার খাদিজা খানম রাত ১১টার দিকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত বগিটি রেখেই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে সান্তাহার স্টেশন ছেড়ে গেছে।

তিনি বলেন, অল্পক্ষণের মধ্যে এ পথে ট্রেন চলাচল শুরু হবে।