১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

এ সময় উভয়পক্ষের ২৫ থেকে ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 05:41 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।

এ সময় উভয়পক্ষের ২৫ থেকে ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মো. হুমায়ুন কবির।

আহতদের মধ্যে মোনজের শেখ, রতন শেখ, হামিদ শেখ, মাফজ শেখ, ইকবাল শেখ, মুন্নাফ ও লাল চাঁদ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আটক জামিরুল ইসলাম বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইউনিয়নের প্রতিটি গ্রামে দুটি করে সামাজিক দল আছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দল ভাঙ্গাগড়া চলছে। দলিলপুর গ্রামের মানুষ দুটি পক্ষ নিয়েছে। এক পক্ষ ইউনিয়ন বিএনপির সম্পাদক জামিরুল ইসলামকে সমর্থন করছে।

অপরপক্ষ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান দিপুকে সমর্থন করছে। কয়েক দিন ধরেই গ্রামে উত্তেজনা চলছে। এদিন সকালে দীপুর সমর্থক রতন শেখ ধান ক্ষেতে সার দিতে যাচ্ছিলেন। পথে জামিরুল ইসলামের সমর্থকরা তাকে পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে দীপুর পক্ষের লোকজনও মাঠে নামেন। এক পর্যায়ে উভয়পক্ষ ঢাল, সরকি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

এ সময় দীপুর পক্ষের রতন শেখ, হাবিব শেখ, নায়েব আলি, স্বপন শেখ, শহীদ শেখসহ আরো কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ছাড়া জামিরুলের সমর্থক আইয়ুব শেখ, আতিয়ার রহমান, আবু বক্কর শেখ, আকুল শেখ, বকুল শেখ ও মনোয়ার হোসেনসহ আরও কয়েক জনের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান দিপুকে মোবাইল করা হলে তিনি ঢাকা আছেন বলে ফোন কেটে দেন।