Published : 15 Apr 2026, 04:03 PM
নরসিংদীতে সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আরশিনগর এলাকায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার।
নিহত আসাদউল্লাহ (৩০) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাতে এসআই দিলীপ চন্দ্র বলেন, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এ সময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করতে গিয়ে আসাদউল্লাহ ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এসআই দিলীপ আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।