১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে পাচারের সময় ৯০০ বস্তা সিমেন্টসহ আটক ১৪

মূলহোতা মো. আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি মাছ ধরার ট্রলারসহ ১৪ জনকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদীর জেটি ঘাটে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা আরাফাত হোসেন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সোমবার ভোরে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৯০০ বস্তা সিমেন্টসহ ১৩ জনকে আটক করা হয়।

পরে আটক ট্রলারের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন বিকালে কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২) এর যৌথ অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে ‘মূলহোতা’ মো. আজিম উল্লাহকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড কর্মকর্তা আরাফাত হোসেন দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম উল্লাহ মিয়ানমারে পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারে অবস্থানকারী এক ব্যক্তির মাধ্যমে পণ্যের চাহিদা সংগ্রহ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার কিছু নৌকার মালিকের সহযোগিতায় এসব পাচার করতেন।

তিনি বলেন, পাচারের বিনিময়ে আজিম উল্লাহ মাদক ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টাও করতেন। তার মোবাইলে কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

কোস্ট গার্ড বলছে, জব্দকৃত সিমেন্ট, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।