ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয় কিশোর কারাগারে
সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয় কিশোরকে সন্ত্রাস দমন আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে শিশু আদালতে উপস্থাপন করা হলে বিচারক সৈয়দ আরাফাত হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
শুক্রবার সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকার মিছিল থেকে পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শুক্রবার গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে মিছিল বের হয়। তারা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করে স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে, বাকিরা পালিয়ে যায়।
