১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ১

পুলিশ জানায়, অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হলে তা বজেন্দ্র দাসের বাম উরুতে লাগে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 10:22 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানায় দায়িত্বরত আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

গুলি ছোঁড়া আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অসাবধানতাবশত এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। 

সোমবার রাত ৭টায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম। 

নিহত আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস (৪০) সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের প্রবিত্র বিশ্বাসের ছেলে।

গ্রেপ্তার হওয়া নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। তারা দুজনই সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই কারখানায় মোট ২০ জন আনসার সদস্য কর্মরত ছিলেন। ঘটনার সময় আনসার সদস্য নোমান মিয়া ও বজেন্দ্র দাস একসঙ্গে বসেছিলেন। 

এ সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হলে তা বজেন্দ্র দাসের বাম উরুতে লাগে এবং তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর নোমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।