১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।

মঙ্গলবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির।

নিহত সুমাইয়া আক্তার জামিলা (২০) ওই গ্রামের রিপন আলীর স্ত্রী।

এ ঘটনায় রিপনসহ তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের মা মোসা. রুনা বেগম।

এজাহার থেকে জানা গেছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর রিপনের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন শ্বশুরবাড়ির লোকজন।

সোমবার রাতে সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যান রিপন। ভোরে সুমাইয়ার অসুস্থতার কথা বলে রুনা বেগমকে ডেকে নেন রিপনের বাবা মাহাবুর রহমান। সেখানে গিয়ে বিছানায় মেয়েকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন রুনা।

শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১০টার দিকে রিপন আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লাশের গলায় এবং বাম চোয়ালের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। আর বাড়ির উঠানে মৃতদেহ রাখা ছিল।

ওসি হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।