২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

খড়িবাড়িয়া এবং লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি জানান।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 04:45 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

শনিবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া এবং লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।

নিহতরা হলেন- খড়িবাড়িয়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০) এবং লক্ষ্মীপুর গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)।

প্রত্যক্ষদর্শী বিজয় বিশ্বাস ও রিপন বিশ্বাস বলেন, সমীর তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। পাশের ক্ষেতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের ভর্তি করা হয়েছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। 

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।