Published : 08 Jul 2026, 10:14 PM
বরিশাল নগরীতে সাতটি শিয়াল হত্যার অভিযোগ পাওয়া গেছে। সেই শিয়ালের মাংস নেওয়ার জন্য ফেইসবুকে ভিডিও বার্তাও দেওয়া হয়।
ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে মঙ্গলবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গত ২ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ময়দানখোলা এলাকায় শিয়ালগুলোকে মারা হয়। মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়।
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বুধবার বলেন, “আমিও বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে লোকজন পাঠিয়েছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফেইসবুকে এমডি নাইম রাজ নামের আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, পাঁচটি শিয়াল মৃত অবস্থায় রয়েছে। পাশে দুইটি শিয়ালের চামড়া ছাড়ানো হচ্ছে। এ সময় পাশে শিশুসহ বিভিন্ন বয়সী লোকজনকে দেখা গেছে।
লাঠি হাতে দাঁড়ানো এক ব্যক্তি বলছেন, “এলাকার মা-বোনের হাঁস-মুরগি খাইছে, ছাগল খাইছে। এসব সন্ত্রাসীগো আমরা দমন কইরা ফালাইছি। এই পাতি শিয়ালের মাংস যদি কেউর লাগে তাইলে ২৬ নম্বর ওয়ার্ড ময়দান খোলায় আইয়্যা পড়েন। আমরা সকাল থেকে অভিযান চালাইয়া এলাকার সন্ত্রাসী দমন কইরা ফালাইছি।”
এ ব্যাপারে জানতে চাইলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন হাওলাদার বলেন, “এ ধরনের একটি ঘটনা শুনেছি। কিন্তু কারা ধরেছে ও কী করেছে জানি না। শুনেছি, শিয়ালের মাংস খেলে বাতব্যাথা যায়। এজন্য নাকি খেয়েছে। কিভাবে খেয়েছে, তাও জানি না।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, ২ জুলাই সকালে জঙ্গলে এলাকার ৬০-৭০ জনের একটি দল প্রবেশ করে। তারা শিয়ালের আস্তানায় হানা দেন। মানুষের উপস্থিতি টের পেয়ে শিয়াল ছোটাছুটি শুরু করলে টেঁটা দিয়ে শিয়াল জখম করা হয়।
তিনি বলেন, “আমাদের এলাকায় শিয়াল অনেক বেশি হইয়া গেছে। হেইজন্য অনেকে মিল্যা সিদ্ধান্ত নিয়েছে শিয়াল মারতে হইবে। শিয়াল মারতে যাইয়া দেখে সাতটি অইছে।”