১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 11:15 PM

Updated : 26 Aug 2026, 03:44 PM

কোরবানির ঈদে এখন পর্যন্ত দেশে সাড়ে ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষিত হওয়ার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রোববার বিকালে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের হাতে তথ্য এসেছে, সারা দেশব্যাপী ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষণ পেয়েছি। এরপরেও আমরা আরও কিছু সংরক্ষণের আশাবাদী। শুধু সিলেটে আমরা ৮৫ হাজার চামড়া পেয়েছি।” 

তিনি বলেন, “হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় যেসব ট্যানারি ঝরে পড়েছে, ব্যবসা শুরু করতে পারেনি এবং তাদের মধ্যে যাদের এখনও উৎসাহ আছে, সক্ষমতা আছে, তাদেরকে আমরা সহায়তা করব। তারা যাতে নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সেজন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেব সরকারের পক্ষ থেকে।” 

চামড়া খাত নিয়ে ‘অপকথা’ হয় বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “বিগত কয়েক বছর চামড়ার দাম না পাওয়ার কারণে ব্যবসায়ীদের অনীহা, রপ্তানিকারকদের মধ্যে একটা অনিশ্চয়তার দোলাচল ছিল। এবার তা কেটেছে। 

“পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী দিনে এই চামড়া শিল্পকে একটা পরিপক্ক রপ্তানিমুখী খাতে রূপান্তরিত করার জন্য আমরা কাজ করব।”

আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়ে এ দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। তার দায়িত্ব পালন ও দেশপ্রেম ছিল অতুলনীয়। 

“তিনি বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তার বলিষ্ঠ ও দূরদর্শী কূটনৈতিক সফলতার কারণেই তৎকালীন সময়ে বাংলাদেশ ভোটে জাপানকে পরাজিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করেছিল।”

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।