১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৬৩ পরীক্ষার্থী

এ জেলায় আট হাজার ৯৭৭ পরীক্ষার্থীর মধ্যে আট হাজার ৭১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 08:48 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঝালকাঠিতে ২৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তারা পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করলেও কেন্দ্রে যায়নি।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চারটি উপজেলায় মোট ৩২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম দিনে মোট আট হাজার ৯৭৭ পরীক্ষার্থীর মধ্যে আট হাজার ৭১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২৬৩ জন।

এসএসসি বাংলা প্রথম পত্রে পাঁচ হাজার ৭১৮ পরীক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ৬৪৪ জন উপস্থিত ছিল এবং ৭৪ জন অনুপস্থিত ছিল। 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় ৮৪৫ জনের মধ্যে ৮০৪ জন অংশ নেয়; অনুপস্থিত ৪১ জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে দুই হাজার ৪১৪ পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ২৬৬ জন উপস্থিত ছিল; যার মধ্যে ১৪৮ জন অনুপস্থিত ছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান বলেন, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল এবং সেগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এতে পরীক্ষার পরিবেশ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব হয়।

আগামী দিনগুলোতেও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।