২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় খাদ্যগুদাম সিলগালা, তদন্তে কমিটি

একটি খাদ্যগুদামের কিছু খালি বস্তা গণনা করে কম হতে পারে সন্দেহ হলে তদন্তে কমিটি করা হয়।

নেত্রকোণায় খাদ্যগুদাম সিলগালা, তদন্তে কমিটি

মোহনগঞ্জ উপজেলার ৩ নম্বর খাদ্যগুদামটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 07:34 PM

Updated : 24 Oct 2022, 08:22 PM

নেত্রকোণায় মোহনগঞ্জ উপজেলায় প্রায় সোয়া লাখ খালি বস্তার মধ্যে কিছু বস্তা কম থাকার সন্দেহে একটি খাদ্যগুদাম বন্ধ করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

একই সঙ্গে ওই গুদামের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  

এদিকে, এই ঘটনার মধ্যে মোহনগঞ্জ উপজেলা সদর থেকে পুলিশ একটি পিকআপ ও পিকআপে থাকা ২ হাজার ৭০০টি খালি বস্তাসহ দুইজনকে আটক করেছে।

রোববার সন্ধ্যায় গুদামটি সিলগালা করার পরপরই তদন্ত কমিটি গঠন করার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান।

তদন্ত কমিটির তিন সদস্যরা হলেন বারহাট্রা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিছুর রহমান ও আটপাড়া উপজেলা খাদ্য পরিদর্শক কামরুল হাসান।

সিলগালা করা খাদ্য গুদামটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন মোতাব্বির খান প্রভাস।

Image

মোহনগঞ্জ উপজেলা সদর থেকে একটি পিকআপে থাকা ২ হাজার ৭০০ খালি বস্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান জানান, রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার ৪টি গুদামের মধ্যে ৩ নম্বর গুদামটি পরিদর্শন করার সময় সন্দেহ হয়। গুদামটিতে ১ লাখ ১৮ হাজার ৭৪৭টি খালি বস্তা থাকার কথা। সন্ধ্যা ৬টা নাগাদ গণনা করলেও পুরোটা গণনা  করা সম্ভব হয়নি। পরে দৈবচয়ন পদ্ধতিতে গণনা করে বস্তা কম হতে পারে বলে সন্দেহ হয়।

এ অবস্থায় সব বস্তা গণনা করার জন্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় জানিয়ে তিনি বলেন, “আগামী দুই দিনের মধ্যে তদন্ত কমিটি বস্তা গণনা করে সার্বিক রিপোর্ট দিতে পারবে বলে আশা করছি। রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বস্তা কম হলে চাকরি থেকে বরখাস্ত, বিভাগীয় মামলা, শাস্তিমূলক বদলিসহ সরকারি বিধি মতে যেকোনো শাস্তি হতে পারে বলে তিনি জানান।

মোহনগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাব্বির খান প্রভাস বলেন, জেলা নিয়ন্ত্রক পুরো বস্তার মধ্যে কিছু বস্তা গণনা করে অনুমান করেন তিন থেকে চারশ বস্তা কম হতে পারে। তাই সব বস্তা গণনা করতে গুদামটি সিলগালা করেছেন।

“গুদামে মালামাল রাখার পরে মেঝের সাথে থাকা কিছু বস্তা অনেক সময় নষ্ট হয়। তাছাড়া কিছু পাতলা বস্তা আছে এগুলোও প্রায় সময়ই ছিঁড়ে যায়। এসব কারণে কিছু বস্তা কম হলেও হতে পারে। এর বাইরে আমার কোনো দুর্বলতা নাই।”

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, রোববার মধ্যরাতে উপজেলা সদর থেকে ২৭০০ খালি বস্তাসহ একটি পিকআপ ও এর চালকসহ দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খালি বস্তা গুদামে নেওয়া হচ্ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

তদন্তের স্বার্থে আটকদের নাম জানাননি তিনি।