মেয়েকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ’ করায় বসতবাড়িতে হামলা
পাঁচজনের নাম উল্লেখ করে রোববার মেয়েটির বাবা মান্দা থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
নওগাঁর মান্দায় স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান, উপজেলার নলঘৈর গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে একটি অভিযোগ পাওয়া গেছে।
রোববার মান্দা থানায় করা এ অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয় বলে ওসি জানান।
ওই ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের ‘বখাটে’ মেহেদী হাসান (২২) বেশ কিছুদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি তারা।
তিনি বলেন, “পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন তাকে আমার বাড়িতে আটক করে রাখে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সংবাদ পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ওই মেয়ের বসতবাড়িতে হামলা করে। এ সময় বসতবাড়ি ভাঙচুরসহ মেয়েটির বাবা ও মাকে মারধর করে হামলাকারীরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে আটক মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালায়।
ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে রোববার মান্দা থানায় একটি অভিযোগ করেছেন বলে মেয়েটির বাবা জানিয়েছেন।
ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
