১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে পুলিশের মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

মামলার অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি অনুমতি ছাড়া পদযাত্রা কর্মসূচি করছিল বিএনপি: এতে বাধা দিলে দলটির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান।

ঝালকাঠিতে পুলিশের মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 08:05 PM

Updated : 11 Apr 2023, 08:05 PM

ঝালকাঠির সদর উপজেলায় পুলিশের ওপর হামলার একটি মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. পারভেজ শাহরিয়ার এ আদেশ দেন বলে জানান সহকারী কৌঁসুলি (এপিপি) সঞ্জিব বিশ্বাস।

তিনি জানান, বিএনপির ২১ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত সাতজনের জামিন মঞ্জুর করে। এ ছাড়া আদালত বাকি ১৪ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

কারাগারে যাদের পাঠানো হয়েছে তারা হলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন পোদ্দার, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামিম তালুকদার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল হুসাইন তুহিন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খান, জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, যুবদল নেতা ইয়াসির আরাফাত মিঠু, জেলা যুবদল সদস্য আতিকুর রহমান খালেক ও সাদ্দাম হোসেন।

এ মামলায় একজন আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আদালতে হাজির হননি।

মামলার বরাত দিয়ে এপিপি জানান, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। তাদের পদযাত্রার কোনো অনুমতি ছিল না। পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালান।

এতে সদর থানার পরিদর্শক ফিরোজ কামালসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পুলিশ বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমানসহ ১৬ নেতা-কর্মীকে আটক করে।

এরপর পুলিশের এসআই দেবাশীষ মোদক বাদী হয়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপির ২২ নেতা-কর্মীর নামে মামলা করেন।

এদিকে দলের নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, “ঘটনার দিন পুলিশের লাঠিপেটা করে ২০ নেতা-কর্মী আহত করে। উল্টো পুলিশ বাদী হয়ে নেতা-কর্মীর নামে মামলা দায়ের করে।”

ঈদের আগমুহূর্তে নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা। 

আরও পড়ুন 

পুরানো খবর:

সংঘর্ষ: ঝালকাঠিতে বিএনপির ১৮৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৬

পুরানো খবর:

ঝালকাঠিতে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ১০, আটক ১৬