গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
মা ও ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে উপজেলার নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী।
নিহতরা হলেন- উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও মিতির ছেলে রুদ্র দাস (২)।
এসআই কাইয়ুম আলী বলেন, সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন মিতি ও রুদ্র। এতে ঘটনাস্থলেই মারা যান মিতি। গুরুতর আহত রুদ্রকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। তবে মা ও ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করছে পুলিশ।
এসআই কাইয়ুম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
