১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘শিলের আঘাতে’ গৃহবধূকে হত্যা, পলাতক স্বামী

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 01:01 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসলা পেষার শিল-পাটার শিল দিয়ে মাথায় আঘাত করে গৃহবধূকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার রাতে দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানিয়েছেন।

নিহত ২৪ বছর বয়সী তানিয়া খাতুন একই গ্রামের সোহবার আলী সেখের মেয়ে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা মো. শাহপরানের স্ত্রী। 

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পরিদর্শক শাহ আলম বলেন, “রাতের কোনো এক সময় তানিয়াকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী শাহপরান স্ত্রী তানিয়াকে হত্যা করেছে।” 

নিহতের বড় ভাই আল আমিন বলেন, “বিদেশে থাকা অবস্থায় শাহপরানের সঙ্গে আমার ছোট বোন তানিয়ার প্রেমের সম্পর্ক হয়। পরে পাঁচ বছর আগে তারা বিয়ে করে। 

“শাহপরান বলতো, তার পরিবারের কেউ নেই। তাই বিয়ের পর থেকে সে আমাদের বাড়িতেই ঘরজামাই থাকতো। আমার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো”

তিনি বলেন, “সোমবার রাতে রাতের খাবার শেষে আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের মধ্যে তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। 

“আমার বোনের মুখ ও হাত বাঁধা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।”   

ঘটনার পর থেকে শাহপরান পলাতক রয়েছে জানিয়ে পরিদর্শক শাহ আলম বলেন, “তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরাও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।”