Published : 30 Jul 2025, 03:53 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে।
বাড়ির লোকজন বলছে, ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের রাখাল চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান।
মানিক চন্দ্র সরকার পলাশবাড়ী উপজেলা সদরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত মানিকের শোয়ার ঘরে প্রবেশ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালায়। এ সময় বাড়ির অন্য সদস্যদের হাত-পা বেঁধে রাখা হয়।
পরে ডাকাতরা আলমারি, বাক্স, ওয়ারড্রব ও শোকেস তছনছ করে অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধলক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
তারা বলেন, ডাকাতরা সবাই মুখোশ পরা ছিল। তারা বাড়ির অন্য লোকজনদেরও মারধর করেছে এবং চলে যাওয়ার সময় এ ঘটনায় মামলা না করার জন্য হুমকি দিয়ে গেছে।
ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।