Published : 31 Mar 2026, 11:21 AM
কুষ্টিয়ার মিরপুর থানায় সাত বছর আগের একটি হত্যা মামলায় চার জনকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান।
দণ্ডিতরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক (৪৪), মো. মসলেম মোল্লার ছেলে আবু তাহের (৪৭), আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন (৫৫) ও ওমর আলীর ছেলে মো. মিলন হোসেন (৩৫)।
রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজার পাশাপাশি তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, বাদি সুমী খাতুন তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাগা গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলাম মণ্ডলকে নিয়ে মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামে তার ছোট বোন ওমান প্রবাসী কাজলী খাতুনের বাড়িতে থাকতেন।
২০১৯ সালের ২০ অক্টোবর দুপুরে বাজার করার জন্য সাহাবুল তার শিশু পুত্র সাব্বিরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। প্রায় দুই ঘণ্টা পর সাব্বির বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরে এলেও সাহাবুল আর ফিরে আসেননি।
পরদিন সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বুড়াপাড়া প্রাইমারি স্কুলের পেছনে একটি ক্ষেতের আইলের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমী অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মিরপুর থানার পরিদর্শক এসএম জাবীদ হাসান ২০১৯ সালের ১২ ডিসেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার পলাতক আসামি আবু তাহেরকে আদালত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানিয়েছেন।