Published : 06 Apr 2026, 09:04 PM
গ্যাস সংকটের কারণে এক মাস দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
সোমবার বেলা ১২টা থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয় বলে বিকালে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম জানিয়েছেন।
তিনি বলেন, “সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।”

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল।
এদিকে গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।