২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাকের পেছনে কভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ২

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়; আরেকজনের হাসপাতালে।

ট্রাকের পেছনে কভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ২
প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 11:15 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কভার্ডভ্যান দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও দুজন।

উপজেলার রণবাঘা এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে রোববার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন এ জানান।

নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ির গফুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের তিন বছরের ছেলে বায়েজিদ।

শহিদুল বগুড়া আরএফএল গ্রুপের বিক্রয়কর্মী ছিলেন। এ দুর্ঘটনায় বায়েজিদের বাবা বেলাল হোসেন, মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আজমগীর বলেন, “শহিদুল এবং বেলাল একই প্রতিষ্ঠানে চাকরি করেন। রোববার রাত ১১টার দিকে তারা কভার্ডভ্যানে করে বগুড়ার দিকে আসছিল। ওই গাড়িতে বেলালের স্ত্রী এবং ছেলেও ছিল।

“পথে রনবাঘা এলাকায় কৈগাড়ি খানকা শরীফের সামনে কভার্ডভ্যানটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় শহিদুল ঘটনাস্থলেই মারা যান।”

পরে বেলাল, সাথী ও বায়েজিদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।