Published : 23 Feb 2026, 05:07 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জঙ্গল থেকে দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছে পরিবার।
রোববার রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি নির্জন রাস্তা ও খালের পাশের জঙ্গলে কান্নারত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দেখতে পায় বলে জানান রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম।
পরে শিশুটিকে রাজাপুর থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
১৬ মাস বয়সী মো. মিহির খুলনার ডুমুরিয়া এলাকার মো. মাহাবুর মোল্লার ছেলে।
মাহাবুর মোল্লা বলেন, তাদের এক আত্মীয় ময়না বেগম তালাকের পর দুই মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। তবে তার প্রাক্তন স্বামী তোতা মিয়া (৩৫) তালাকের বিষয়টি মেনে নিতে পারেননি। তোতা মিয়ার বাড়ি ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামে।
রোববার সকালে তোতা মিয়া মাহাবুর মোল্লার বাড়িতে যান। পরে তার ছেলেকে দোকানে নেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করেন এবং পরে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একই সঙ্গে পুলিশে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
পরে এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে পরিবার।
পুলিশ জানায়, অপহরণের কয়েক ঘণ্টা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হলে শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যান তোতা মিয়া।
ওসি নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।