Published : 04 Mar 2026, 05:35 PM
কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি আর সহ্য করা হবে না এবং পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বৈষম্যহীন ও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান ।
তিনি বলেছেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার সকালে রাঙামাটি জেলা পরিষদ হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার সকালে রাঙামাটি জেলা পরিষদ হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দীপেন দেওয়ান।
তিনি বলেছেন, “কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি আর সহ্য করা হবে না। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
“আমরা এখন নিজেদেরকে জনগণের সেবক মনে করি। আমি ও আমরা সেবক হিসেবে জনগণের সেবা দিতে চাই। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।”
দীপেন বলেছন, “প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে।
“যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো বৈষম্য ছাড়াই সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।”
মন্ত্রী বলেন, “এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও পর্যটন খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক অনিয়ম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর বিষয়েও আলোকপাত করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।