১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সংঘর্ষে আহত ১৫

শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 12:21 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে দুদল শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। 

এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ। 

বুধবার মধ্যরাতে অনন্তপুর আবাসিক এলাকার হোস্টেলে এ সংঘর্ষ হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান। 

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।

তাদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভর্তি হবিগঞ্জ সদর হাসপাতালে। পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

শিক্ষার্থীরা বলছেন, মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে তার দুই দলে বিভক্ত হয়ে লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। 

যদিও আহত একটি পক্ষের দাবি, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নয়, ‘শিবিরের’ কয়েকজন শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের আহত করেছে। 

ওসি জাহিদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।