০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

পাঁচ বন্ধু সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে সমুদ্রে গোসলে নেমে একজন স্রোতে ভেসে যান বলে জানায় পুলিশ।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 06:30 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বরগুনার তালতলী উপজেলায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় তীব্র স্রোতে তিনি ভেসে যান বলে ভাষ্য ফায়ার সার্ভিসের।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম ।

খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের উপস্থিতিতে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

নিখোঁজ মো. আসাদুল (১৬) আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।

আসাদুলের বন্ধু সাগর বলেন, বেলা ১২টার দিকে আসাদুলসহ পাঁচ বন্ধু সৈকতে ঘুরতে যান। পরে তারা সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে গোসল করতে সমুদ্রে নামেন। সাগরে ঢেউ থাকায় তারা তীব্র স্রোতে ভেসে যান। 

পরে স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি বলে জানান তিনি। 

সঙ্গে থাকা আরেক বন্ধু জাকারিয়া বলেন, তারা ঢেউয়ের সঙ্গে স্রোতে ভেসে অনেক দূর চলে যান। সেখানে আসাদুল দীর্ঘ সময় সমুদ্রের মধ্যে মাছ ধরার জন্য পুঁতে রাখা একটি খুঁটি ধরে ভেসে ছিলেন। এক পর্যায়ে সেই খুঁটি ভেঙে আসাদুল পানিতে ডুবে নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শী আজিজ বলেন, পাঁচ বন্ধু মিলে সাগরে নেমেছিল। চারজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও অন্যজন একটি খুঁটি ধরে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু তীব্র ঢেউয়ের কারণে শেষ রক্ষা হয়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ আসাদুলের সন্ধান মেলেনি।

ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ আসাদুলের কোনও সন্ধান পাওয়া যায়নি।