Published : 27 Mar 2026, 01:51 AM
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মহানবীকে (সা.) নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগে আটক করে মারধরের সময় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
মো. পারভেজ হোসেন ইমন (২৭) নামে ওই যুবককে পরে আটক করে সাটুরিয়া থানায় নিয়ে যাওয়ার তথ্য দিয়েছেন পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।
বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একদল ব্যক্তি সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে।
বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশ কনস্টেবল মো. আরিফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন বলে জানান ওই পরিদর্শক।
স্থানীয়রা বলছেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কান্দাপাড়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে পারভেজ হোসেন ইমন মহানবীর (সা.) বিবাহিত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তার ব্যাপক তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কিছু ব্যক্তি কান্দাপাড়া জামে মসজিদ এলাকা থেকে ইমনকে আটক করে। এসময় তারা সাটুরিয়া-গোলড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, খবর পেয়ে মানিকগঞ্জ সদর সেনা ক্যাম্পের সদস্য, জেলা পুলিশ ও সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমনকে থানায় নিয়ে যেতে চাইলে বাধার মুখে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর করে। রাত সোয়া ৯টার দিকে ইটের আঘাতে কনস্টেবল আরিফুল মাথায় আঘাত পান।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, মানিকগঞ্জ সদর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মোস্তাহিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় তিন ঘণ্টা পর আলোচনার পর ইমনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আহত কনস্টেবলকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। অভিযোগ ওঠা ইমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।