শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ফরিদপুরের পুলিশ সুপার
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলসহ সব কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির কাছে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান তিনি।
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সংবাদমাধ্যমের কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলসহ সব কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় পুলিশের সব ইতিবাচক কাজে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী।
সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম (প্রশাশন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ও কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
