Published : 23 Jun 2026, 07:00 PM
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক তরুণ মারা গেছেন। প্রাথমিকভাবে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের উত্তর পাশে ১ নম্বর লাইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ওসি হাবিবুর রহমান।
মারা যাওয়া আশরাফুল ইসলাম (২৩) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর দিকে রেললাইনের পাশে অবস্থান করছিলেন আশরাফুল।
“একপর্যায়ে তিনি ট্রেনের পেছনের দিকের একটি বগির নিচে চলে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকায় কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।