Published : 31 Jan 2026, 03:55 PM
সাতক্ষীরা সদর উপজেলায় টমেটো ক্ষেতে পাতা শিয়াল ও ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান।
নিহতরা হলেন- ওই গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মনিরুল তার জমিতে লাগানো টমেটো ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষায় ক্ষেতের চারপাশে ঘেরা তারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেন।
সকালে মনিরুল টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত ঘেরার তারে তার পা জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে পাশের ক্ষেতের মালিক রহিম ছুটে গিয়ে তাকে উদ্ধারে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান দুইজন।
ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে শিবপুর ও শিয়ালডাঙ্গা গ্রাম।