Published : 21 May 2026, 07:09 PM
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. হান্নান মিয়া (৩২) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরগুরুপপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আধার বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী ১১(গ) ধারায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হওয়া মামলায় শেরপুরে এটিই প্রথম রায়।
মামলার বিবরণে বলা হয়, প্রায় সাড়ে চার বছর আগে নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুস ছালামের মেয়ে কামরুন্নাহারের সঙ্গে হান্নান মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই হান্নান স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
গত বছরের ২৫ সেপ্টেম্বর সকালে কামরুন্নাহারের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন হান্নান। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে তিনি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় একই বছরের ২৯ সেপ্টেম্বর নালিতাবাড়ী সি আর আমলি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন কামরুন্নাহার। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার নোটিশ দেন।
পরবর্তীতে আসামি হান্নান আমলী আদালতে হাজির হয়ে আপোষের শর্তে জামিন নিলেও আপোষ ভঙ্গ করে পলাতক হয়। বিচারিক আদালত আসামীর অনুপস্থিতিতে চার্জ গঠন এবং বাদীসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
পরে হান্নান আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন নিলেও সেই শর্ত ভঙ্গ করে পলাতক হন। পরবর্তীতে আদালত তার অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করে বাদীসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।