Published : 03 Nov 2025, 09:51 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, রাঙামাটিতে দীপেন দেওয়ান, খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং বান্দরবানে সাচিং প্রুর নাম ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান এই প্রথমবারের মত রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নে তার স্ত্রী মৈত্রী চাকমা লড়াই করেছিলেন। যদিও তিনি পরাজিত হয়েছিলেন।
এই আসনে বিএনপির হয়ে ২০০১ সালে মনি স্বপন দেওয়ান জয়লাভ করেছিলেন। তার আগে ১৯৯৬ সালের (ফেব্রুয়ারি) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুসুম চাকমা বিজয়ী হয়েছিলেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এর আগে দুবার সংসদ সদস্য হয়েছেন। প্রথমবার ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালের ষষ্ঠ এবং পরে ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে। তিনি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন।
বান্দরবানে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাচিন প্রু জেরী। তিনি ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।
বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাচিন প্রু।
তার বাবা অং শৈ প্রু চৌধুরী ১৯৮৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির হয়ে বিজয়ী হয়েছিলেন।
এ ছাড়া এদিন কক্সবাজারের চারটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এই আসন থেকে ১৯৯৬ (ফেব্রুয়ারি), ১৯৯৬ (জুন) এবং ২০০১ সালে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে তার স্ত্রী হাসিনা আহমেদ নির্বাচন করে জয়লাভ করেন।
কক্সাবাজার-২ (মহেষখালী-কুতুবদিয়া) আসনে কারো নাম ঘোষণা করা হয়নি।
কক্সাবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। জেলা বিএনপির এই সাংগঠনিক সম্পাদক ২০০৮ সালে বিজয়ী হয়েছিলেন।
এর আগের দুটি নির্বাচন ২০০১ ও ১৯৯৬ (জুন) সালের নির্বাচনেও এখানে বিএনপি জয়ী হয়েছিল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।