Published : 05 Feb 2026, 09:13 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
ট্রাক প্রতীকের রেদওয়ান উল্যাহ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসায় গিয়ে ভোটের মাঠ ছাড়ার ঘোষণা দেন।
জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ নেতা রেদওয়ান উল্যাহ নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “কোনো পক্ষ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
গণঅধিকার পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন, “যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যুক্ত ছিল গণঅধিকার পরিষদ। রেদওয়ান আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি এখন ধানের শীষ প্রতীকে পূর্ণ সমর্থন দিয়েছেন। গণঅধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা রামগতি-কমলনগরের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাওলানা মাহে আলম, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য অধ্যা্পক নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুর মোহাম্মদ ও সদস্যসচিব সার্জেন্ট সোলায়মান।