১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জমি নিয়ে বিরোধ: মানিকগঞ্জে মেয়ের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত কিছু জমি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ দিতেন হাবেজা।

জমি নিয়ে বিরোধ: মানিকগঞ্জে মেয়ের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জের শিবালয়ে বাবাকে হত্যার অভিযোগে মেয়ে হাবেজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 10:48 AM

Updated : 26 Aug 2026, 01:34 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ের  মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

নিহত ময়েন শেখ (৭০) উপজেলার চর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার করা হয়েছে তার মেয়ে হাবেজা বেগমকে (৩০)। 

সোমবার রাতে চর রঘুনাথপুর গ্রামে এই হত্যার ঘটনায় মঙ্লবার সকালে শিবালয় থানায় মামলা করেন ময়েন শেখের প্রথম স্ত্রীর ছেলে সাইদুল ইসলাম। 

মামলার বরাতে পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ময়েন শেখ ৫-৬ বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন এবং কোনো উপার্জন না থাকায় বিভিন্ন সময় ছেলে-মেয়েদের বাড়িতে পালাক্রমে থাকতেন। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে হাবেজা বেগমের বিয়ে হলেও কয়েকবছর হলো বাবার সঙ্গেই থাকতেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত কিছু জমি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ দিতেন হাবেজা। সেজন্য বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি।

এর জের ধরে সোমবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে কাঠের টুকরা দিয়ে ময়েন শেখকে আঘাত করেন হাবেজা। এতে ময়েন শেখ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

পরিদর্শক মানবেন্দ্র আরও বলেন, পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।