Published : 31 Oct 2025, 08:01 PM
গাজীপুরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইন বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জংশনের সহকারী স্টেশন মাস্টার আবুল হোসেন।
তিনি বলেন, ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের দুপুর ২টা ১০ মিনিটের দিকে এক নম্বর লাইন দিয়ে জয়দেবপুর জংশন অতিক্রম করছিল। কিন্তু স্টেশনের একটু দক্ষিণে এসে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে কেউ হতাহত না হলেও ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
সবশেষ বিকাল ৪টার দিকেও ট্রেনটির বগি উদ্ধারের কার্যক্রম চলছিল বলে জানান এই রেল কর্মকর্তা।