৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বসতঘর পুড়ে ছাই

আগুনে নগদ টাকা, ৩৫০ মণ ধান-চাল ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 09:59 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

নেত্রকোণার হাওরাঞ্চলের মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। 

ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে বুধবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে মদন থানার এসআই উত্তম কুমার জানান। 

এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তবে আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাতে এসআই উত্তম কুমার বলেন, “মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর ও  দেওসহিলা গ্রামের লোকজন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

“হাওরপাড়ের গ্রামটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।” 

কিন্তু ততক্ষণে আগুনে ঘরে থাকা নগদ টাকা, ৩৫০ মণ ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি। 

ভুক্তভোগী পরিবারের মানিক মিয়া বলেন, "গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। আগুনে আমারসহ লিংকন মিয়ার তিনটি ঘর পুড়েছে। ঘরে নগদ টাকাসহ যা ছিল সব পুড়েছে; কিছুই নাই।”  

আগুনে ঘর ও ঘরে থাকা মালামালসহ তাদের দুজনের অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।