ঝিনাইদহে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের মনোনয়নপত্র জমা
ধানের শীষের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে দেন আসাদুজ্জামান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার তিনি সহকারী রিটার্নিং অফিসার ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ অগাস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন।
পরে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে দেন এবং শনিবার রাতে তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।
এদিকে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে রোববার তিনটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মো. আসাদুজ্জামান ছাড়া ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপির প্রার্থী এম এ মজিদ ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপি প্রার্থী মেহেদী হাসান রনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আগের সংবাদ-
