চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
বিজিবি জানায়, আটকরা ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৬ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
বুধবার ভোরে উপজেলার চামুচা এবং চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়ার পর অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে বলে জানান মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আটকদের মধ্যে ১০জন পুরুষ, ছয় জন নারী ও তিনজন শিশু।
এর মধ্যে নারী-পুরষরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাসিয়াছড়া কালিরহাট হাজীপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৪৭), মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), শ্রীরামপর গ্রামের দেলোয়ার হোসেন (২৮) ও মালকামলা গ্রামের হযরত আলী (২৮), চাঁপাইনবাবগঞ্জ সদরের নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), যশোরের চৌগাছা উপজেলার আড়সিংরী গ্রামের আরিফ হোসেন (৩৮), নড়াইল জেলার কালিয়া উপজেলার কোতুয়ালী গ্রামের রেহেনা বেগম (৫৫), মাগুরা জেলা ও উপজেলার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের আব্দুর রহমান (৩৭), খুলনা জেলা ও উপজেলার ঘোপখালী গ্রামের জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার সুমি (২৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের শাপলা আক্তার (২১)।
আটক শিশুদের একজনের বয়স দুই মাস, অপর দুজন দুই ও তিন বছর বয়সী।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
আটকদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
