১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অতীতে কেউ জাপাকে কবর দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: কাদের

রংপুর জাহাজ কোম্পানি মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

আগের তুলনায় বর্তমান সময়ে লাঙ্গলের ভোট বেড়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।  

তিনি বলেছেন, “যে যাই বলুক, আগের কেউ পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না। অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না।”

সোমবার দুপুরে রংপুর জাহাজ কোম্পানি মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যান রংপুর সদর আসন থেকে সংসদ সদস্য পদে লড়াই করছেন।

জিএম কাদের বলেন, “কত রথি-মহারথি, আতি-পাতি নেতারা সম্মিলিত চেষ্টাও করেছে জাতীয় পার্টিকে শেষ করার। কোনো কাজ হয়নি। 

“জাতীয় পার্টিকে রংপুরের মানুষ যেভাবে আগলে রেখেছে, সেভাবেই সারাজীবন আগলে রাখবে। জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত।”

সারাদেশে লাঙ্গলের ভোট বেড়েছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি জিতবে।”