১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়ায় ১৮ লঞ্চ দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না যাত্রীর চাপ

“যাত্রীর তুলনা ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 01:19 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়ার লঞ্চঘাটে যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে এলাকায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো হাজারো মানুষ।

বৃহস্পতিবার সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঈদে যাত্রীদের পারাপারের জন্য ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও যাত্রীদের চাপ সামলাতে পর্যাপ্ত হচ্ছে না।

পাটুরিয়া লঞ্চঘাটের পরিচালক পান্নালাল নন্দী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর যাত্রীদের ভিড় অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপচে পড়া ভিড় থাকলেও ১০টার আগে চাপ কম ছিল।

ঘাট ম্যানেজার ফারুক হোসেন বলছেন, “১০টার পর যাত্রী চাপ আরও বেড়ে যায়।”

লঞ্চঘাট এলাকায় কথা হয় গাজীপুরের একটি পোশাক কাখানায় কর্মরত আব্দুর রহমানের সঙ্গে। তিনি ঈদ করতে চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি যাচ্ছিলেন।  

আব্দুর রহমান বলছিলেন, “পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম একা যাবো ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই।” 

আসলাম সাগর খান নামের আরেক যাত্রী বলেন, “গাজীপুর কোনাবাড়ি থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি হয়েছে বেশ। আবার ঘাটে এসে দুর্ভোগে পড়েছি।

“যাত্রীর তুলনা ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে।”

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান বলেন, “ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য বৃহস্পতিবার ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে। সামাল দেওয়া যাচ্ছে না।”   

ফেরি ঘাটে পারের অপেক্ষায় ট্রাকের সারি

এ দিকে পাটুরিয়া ফেরিঘাটে বেলা ১১টার দিকে দেড় শতাধিক পন্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। কেউ কেউ বুধবার থেকে পারের অপেক্ষায় রয়েছে।

ঘাট এলাকায় চুয়াডাঙ্গাগামী ট্রাক চালক ইমরান বলেন, “বুধবার রাতে সড়কে যানযটে আটকে ছিলাম। এখন দেখি ফেরিতেও উঠতে ভোগান্তি। কখন উঠবো জানি না ”