Published : 20 Jul 2025, 05:07 PM
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সকালে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে জুয়েল মিয়া, রাসেল মিয়া, হাফিজুর রহমান, নাজমুল হোসেন, মুজিবুর রহমান, মানিক মিয়া, আব্দুল হাই, বিল্লাল মিয়া, আরিফ ইসলাম, কাদির মিয়া, বুধু মিয়া, লোকমান মিয়া, পন্ডিত মিয়া, আহাদ মিয়া, শাহাব উদ্দিন ও মিচরি খাঁ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি।
বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল করিম ও একই গ্রামের মুক্তার মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। আগেও একাধিক বার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রোববার সকালে আবারও দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
ওসি জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।