সিরাজগঞ্জে বাস চাপায় পথচারী নিহত
রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই সোহাগ হোসাইন।
নিহত রাজু মণ্ডল (৩৫) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে।
এসআই সোহাগ হোসাইন বলেন, রাজু মণ্ডল বনবাড়িয়া এলাকার একটি তাঁরকাটা মিলের কর্মচারী ছিলেন। মিলের সামনে রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সোহাগ।
